৩১ জানুয়ারি ২০১৭ - ০৫:৫৩
জেনারেল, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাটকীয়তা

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় সব ঘটনার অবতারণা হচ্ছে। এর প্রভাব পড়ছে বিশ্বময়। সবচেয়ে বেশি বিতর্ক, প্রতিবাদের জন্ম দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে।

আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় সব ঘটনার অবতারণা হচ্ছে। এর প্রভাব পড়ছে বিশ্বময়। সবচেয়ে বেশি বিতর্ক, প্রতিবাদের জন্ম দিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা অনুমোদন করতে অস্বীকার করায় তিনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে। তার স্থলে নিয়োগ দিয়েছেন ডানা বোয়েন্তেকে। তিনি ভার্জিনিয়ার ইস্ট ডিস্ট্রিক্টের মার্কিন এটর্নি। এর মধ্য দিয়ে ট্রাম্পের কঠোর নীতির প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ করার কথা রয়েছে ডেমোক্রেট দলের। বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশের গত রাত গভীর পর্যন্ত এ ইস্যুতে বিতর্ক হয়েছে। অনলাইন সিএনএন এটর্নি জেনারেলকে বরখাস্তের ঘটনাকে ‘ম্যাসাকার’ হিসেবে আখ্যায়িত করেছে। সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা অনুমোদন করতে অস্বীকৃতি জানানোর ফলে সোমবার রাতেই ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল স্যালিকে বরখাস্ত করেন ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে এ কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আইন মন্ত্রণালয়ের সঙ্গে প্রতারণা করেছেন স্যালি ইয়েটস। তাই তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এ জন্য তাকে তার অফিসে তলব করেন নি। তাকে শুধু পত্র মারফত এই বরখাস্ত আদেশ জানিয়ে দেয়া হয়েছে। এর আগে সিএনএন রিপোর্ট করে যে, স্যালি ইয়েটস আইন মন্ত্রণালয়ের আইনজীবীদের বলেছেন অভিবাসী ও শরণার্থী ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশ যেন তারা অনুমোদন না করেন। এ রিপোর্ট প্রকাশ হওয়ার পর পরই দ্রুততার সঙ্গে ঘটে যায় ওই নাটকীয়তা। চাকরি হারান স্যালি ইয়েটস। এর ফলে হোয়াইট হাউজ ও স্যালি ইয়েটসের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। এই স্যালি ইয়েটসকে নিয়োগ দিয়েছিলেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন সিনেটর জেফ সেশনকে। যতদিন পর্যন্ত তার নিয়োগ নিশ্চিত না হচ্ছে ততদিন ওই দায়িত্ব বহাল থাকার কথা ছিল স্যালি ইয়েটসের। স্যালি ইয়েটস এক চিঠিতে লিখেছেন, আইনগতভাবে শুধু আত্মরক্ষামুলক অবস্থানকে সমর্থন করাই আইন মন্ত্রণালয়ে আমাদের অবস্থান নয়। এটা নিশ্চিত করার দায়িত্ব আমার। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার অভিবাসন বিষয়ে যে নির্বাহী আদেশ দেন তাতে সাতটি মুসলিম প্রধান দেশের জন্য যুক্তরাষ্ট্র সফর নিষিদ্ধ করা হয়েছে। কমপক্ষে ৯০ দিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ১২০ দিন পর্যন্ত শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে সিরিয়ার শরণার্থীদের জন্য কোনো সময়সীমা নেই। তারা অনির্দিষ্টকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়েছেন। ট্রাম্পের এ নির্দেশের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তার নির্দেশের কিছু অংশের বিরুদ্ধে রায় দিয়েছেন ৪ জন ফেডারেল বিচারক।